সাম্প্রতিক কবিতাসমূহ

আমি তোমার কাছের মানুষ হতে চাই।

আমি তোমার কাছের মানুষ হতে চাই।
-রিপন চন্দ্র বর্মন


তোমার বাড়ির পেছনে
যেই ডাহুকের বাস
তার সাথে খুব ভাব আমার
দুপুরের উদাসীন বেলায়
তার সাথে কন্ঠ মিলায়ে
কাছে ডাকি তোমায়।

ঐ দেখো বাতায়ন খুলে
অনতিদূরে যেই হলুদের রাজ্য
সেখানে বাস আমার
তোমার প্রেমের সঞ্চয়, বুকে করে
তোমার কাছের মানুষ হতে চাই।

তোমার বাড়ির সামনে যেই
লাউফুল, লুটোপুটি খায় সমীরে
সেইখানে বাসা করেছি
অবিশ্রান্ত কৃষ্ণ ফিঙের সাথে
শিকারি চোখে খুঁজে ফিরি
তোমার কায়া,
যেখানে আমার জন্য লুকানো
সমস্ত মায়া।

যেই হাস্নেহেনা গাছের পাশে দাঁড়িয়ে
তুমি শোন ইষ্টিকুটুমের গান
একটু খুঁজ, আমিও সেথায় আছি
তোমার একটু ছোয়া পাব বলে
রেণু হয়ে ফুটি।
স্পর্শে তুমি আপন করে নাও
আমি তোমার কাছের মানুষ হতে চাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন